কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় খরিপ-১/২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কটিয়াদী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরিন মারলিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো. জালাল উদ্দিন এমপি। তিনি বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যেই এসব প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলার প্রায় চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এএসএম মিনহাজ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতুসহ কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

