নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। সরকার দায়িত্বশীলভাবে এ কার্যক্রম শুরু করেছে এবং টিকার কোনো ঘাটতি থাকবে না। হাম প্রতিরোধে প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, যেখানে টিকার ঘাটতি রয়েছে তা দ্রুত পূরণে কাজ চলছে। এ কর্মসূচি সফল করতে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১৫ দিনব্যাপী এ কর্মসূচি জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্থাপন করা হয়েছে অস্থায়ী টিকাদান কেন্দ্র, যেখানে অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৮৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশু ভর্তি হয়েছে এবং ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৪৬ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, হঠাৎ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

