যশোর প্রতিনিধি
যশোরে রিকশায় ফেলে যাওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে জেলা পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ভুক্তভোগী জেসমিন নাহারের হাতে এসব মূল্যবান সামগ্রী তুলে দেন।
জেসমিন নাহার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের মেয়ে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জেসমিন নাহার উপশহর শিশু হাসপাতালের সামনে থেকে একটি রিকশায় ওঠেন। পরে বারান্দিপাড়া লিচুতলা মন্দিরের সামনে নামার পর তিনি বুঝতে পারেন তার ব্যবহৃত পার্সটি নেই, যা সম্ভবত রিকশাতেই রয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির সূত্র ধরে যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই নুরুন্নবী ও এএসআই বাতেন তদন্ত শুরু করেন। আধুনিক প্রযুক্তি ও নিজস্ব সোর্সের সহায়তায় রিকশাচালককে শনাক্তের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে গত বৃহস্পতিবার সদর উপজেলার চুড়ামনকাটি পানিগ্রামে রিকশাচালকের শ্বশুরবাড়ি থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে থাকা প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, হারানো মালামাল ফিরে পেয়ে জেসমিন নাহার অত্যন্ত খুশি। তিনি রিকশাচালকের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে না চাওয়ায় পুলিশ তাকে আটক করেনি।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

