মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল বেলা ১১টায় টঙ্গীবাড়ী বাজারে অবস্থিত ক্যান্ডেল পার্কে এ কর্মশালায় কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, এর উপকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় প্রায় ৭০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, একই সঙ্গে কমানো যায় মানবস্বাস্থ্যের ঝুঁকি। এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় টঙ্গীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন শেখ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিষ চন্দ্র পাল। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক সিডের টেরিটোরি অফিসার মোঃ নূরে তৌহিদ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং ব্র্যাকের ডিলার বিপ্লব চন্দ্র গোপ আয়োজনটি সমন্বয় করেন।

