আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ কুমার গোলদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রসুন কুমার মণ্ডল, মেডিকেল অফিসার ডা. আমিনুর রহমান এবং আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

