খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলার হাসপাতাল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিয়নভিত্তিক বাছাই পর্ব শেষে বালক ও বালিকা বিভাগে চারটি করে মোট আটটি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা ও নাজমুল হক তালুকদার আরিফ, এবং এমপি মহোদয়ের ব্যক্তিগত প্রতিনিধি জহির আহমেদ জিকু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভোষণ দাস, কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক দীপেন্দ্র পুরকায়স্থ, মো. সাজেদুল হক স্বপন ও সহকারী শিক্ষক মো. আজিজুল হক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বালক বিভাগে আমানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি নাদির হোসেন বলেন, খেলাধুলায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। বিজয়ীদের অভিনন্দন জানাই এবং পরাজিতদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করছি।
অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিমেল কদর অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

