Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে গ্রাম আদালতের কার্যকর ভূমিকা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি 
মে ২৪, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। বিশেষ অতিথি ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজিউর রহমান রাজু, উপজেলা কো-অর্ডিনেটর মো. ফরিদুল ইসলাম (ফরিদ), যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পেতে পারেন। তবে অনেকেই এখনো এ আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে জানেন না। তাই জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালত সক্রিয় হলে সামাজিক বিরোধ দ্রুত মীমাংসা হবে, আদালতে মামলার চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ওসি রফিকুল ইসলাম বলেন, “ছোটখাটো বিরোধ সময়মতো নিষ্পত্তি না হলে অনেক সময় তা বড় ধরনের সামাজিক ও আইনশৃঙ্খলার সমস্যায় রূপ নেয়। গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত সমাধান হবে এবং থানামুখী মামলার সংখ্যাও কমবে।”

ডিস্ট্রিক্ট ম্যানেজার রাজিউর রহমান রাজু বলেন, “গ্রাম আদালত শুধু বিরোধ নিষ্পত্তির একটি ব্যবস্থা নয়, এটি গ্রামীণ সমাজে ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। সচেতনতা বৃদ্ধি পেলে মানুষ আদালতমুখী না হয়ে স্থানীয়ভাবেই বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে পারবে।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও মানুষের কাছে গ্রহণযোগ্য করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। তারা ইউনিয়ন পর্যায়ে প্রচারণা বৃদ্ধি, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা মনে করেন, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি হলে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব কমবে এবং স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।