রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে সামাজিক অবক্ষয় রোধ ও নৈতিক মূল্যবোধ চর্চায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেনের উদ্যোগে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে পৃথক দুইটি “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র” গঠন করা হয়েছে।
এর মধ্যে শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠন করা হয়েছে “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষক-কর্মচারী ইউনিট” এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গঠন করা হয়েছে “নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষার্থী ইউনিট”।
রোববার (২৪ মে) কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ইউনিটের প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন।
সেমিনারে “সদাচরণ : ধর্মীয় ও সামাজিক প্রেক্ষিত” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নীতি নৈতিকতা মূল্যবোধ চর্চা কেন্দ্র শিক্ষক-কর্মচারী ইউনিটের আহ্বায়ক ও ইসলামী ইতিহাস বিভাগের অধ্যাপক আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন। তিনি বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, প্রতি মাসের শেষ সপ্তাহে শিক্ষক-কর্মচারী ইউনিট ও শিক্ষার্থী ইউনিটের পৃথক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলেজটির এ উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

