দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
টানা দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান।
এর আগে ২০২৫ সালেও তিনি জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ২০২৪ সালে তিনি কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন, যা তার দীর্ঘদিনের শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শিক্ষা প্রশাসনের এই স্বীকৃতি ও ধারাবাহিক সাফল্যে স্থানীয় শিক্ষক সমাজ ও বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিনি ধারাবাহিকভাবে একটি আদর্শ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হয়েছেন বলে স্থানীয়রা জানান। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে।
সহকর্মী ও শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

