নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাইকপ্রেমীদের একত্রিত করা, নিরাপদ মোটরসাইকেল চালনায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তরুণদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি, দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ বাইকিং সংস্কৃতি গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমানে মোটরসাইকেল শুধু প্রয়োজন নয়, অনেকের কাছে এটি শখ ও ভালোবাসার অংশ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন বাইকিং গ্রুপের মাধ্যমে দেশের নানা প্রান্তের বাইকাররা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছেন এবং বিভিন্ন ট্যুর ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
তারা আরও বলেন, গ্রুপ রাইডিং আনন্দদায়ক হলেও কিছু নিয়ম না মানলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। নতুন ও অনভিজ্ঞ রাইডারদের জন্য গ্রুপ রাইডিংয়ের নিয়ম-কানুন জানা অত্যন্ত জরুরি। সচেতনতা ও শৃঙ্খলা মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্যায়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ হাসান আমিন নয়ন, মো. নুরুল আমিন বাবু, মোহাম্মদ জাকারিয়া, মো. আবুল কালাম ও মো. শাহেদুর রহমান ফাহিমকে এডমিন এবং মো. কামরান হাসান ইমরুজ, মো. নীলয় খান সজিব, মো. জাহিদুল ইসলাম হিমেল, মো. মেহেদী হাসান সাকিব ও মো. শাহাদাত হোসেনকে মডারেটর হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক বাইকার ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

