Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি উপেক্ষা করে মুন্সীগঞ্জে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া উপেক্ষা করে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বুধবার বেলা ১১টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শিলই, আধারা ও মোল্লাকান্দিসহ পাঁচটি গ্রামের বাসিন্দাদের সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায়ের কথা ছিল। তবে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঈদগাহ মাঠের শামিয়ানা ও ত্রিপল উপড়ে গেলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা বাচ্চু মুন্সী।

জাহানগীরা তরিকার অনুসারী এসব গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি পৃথক পৃথক জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।

শিলই ইউনিয়ন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মঈনুল মাঝি বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। আজ বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও আল্লাহর রহমতে সুন্দরভাবে নামাজ সম্পন্ন হয়েছে।”

সার্বিক নিরাপত্তা বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) অমল সরকার জানান, প্রতি বছরের মতো এবারও গ্রামগুলোতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।