পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে সিএনজিচাপায় জুবায়ের ইসলাম (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার চামড়াবো সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের ইসলাম চামড়াবো গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে পূর্ব ঘোড়াশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে জুবায়ের বন্ধুর বাড়িতে যাওয়ার পথে চামড়াবো সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিএনজিটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

