আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। ঘটনাটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা—তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সোমবার (১ জুন) ভোরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গণকখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শরীরের উপরের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। এ কারণে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে নিহতের পরিচয় অজ্ঞাত থাকা এবং মৃত্যুর পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় প্রকৃত কারণ সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন কুমার চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে। কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবে।
পুলিশের মতে, পরিচয় শনাক্ত করা গেলে নিহত যুবকের বাসস্থান, সর্বশেষ অবস্থান এবং মৃত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

