Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারি দোকান থেকে চোরাই মালামাল ও বিদেশি মদ উদ্ধার, মামলা দুই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় মামলা করেন দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী বেলাল মণ্ডল। অপরদিকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

উভয় মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপি নেতা আইয়ুব আলী খানের শ্যালক হালিম (৩৫)কে। এছাড়া আইয়ুব আলী খান, তার দুই ছেলে অনিক খা ও আরিফ খাসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রবিবার ঘটনাস্থল থেকে হালিমকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার সকালে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের দরজা-জানালা ভেঙে কম্পিউটার মনিটর, সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম, ফ্যান, পানির মোটর, বৈদ্যুতিক লাইট, তারসহ ১১টি মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ধরা পড়ে।

ঘটনার পর গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান থানা পুলিশকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া এলাকার বিভিন্ন ভাঙারি দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে চুরি যাওয়া ৯টি মালামাল উদ্ধার করা হয়। তবে কম্পিউটার ও সিসিটিভি সরঞ্জাম সোমবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের সময় ওই দোকান থেকে তিন বোতল বিদেশি মদও জব্দ করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হালিমকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।