স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
নড়াইল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবীর, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু এবং বিডিআরবি’র সহকারী উপজেলা কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন। সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৮১২ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা। নির্বাচিত কৃষকরা এ দামে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারবেন।
এ ছাড়া তালিকাভুক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। পাশাপাশি প্রতি কেজি ৪৮ টাকা দরে ২০০ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

