কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
লক্ষ্যহীন মানুষ মাঝিহীন নৌকার মতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেছেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজজীবনের প্রথম দিন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে গেলে সফলতা অর্জন সম্ভব।
সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ চত্বরে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এস এম জিলানী বলেন, শুধু নিজে মাদক থেকে দূরে থাকলেই হবে না, সহপাঠীদেরও মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও দেশের ক্ষতি করে।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি, কোনো রাজনৈতিক দল কিংবা প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কলেজের অধ্যক্ষ ড. মো. এনায়েত বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গৌরাঙ্গ লাল চৌধুরী, অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

