গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবের আয়োজন ও আনন্দ দীর্ঘদিনের ঐতিহ্য। এ আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে সম্পৃক্ত হন। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় দুর্গোৎসব সবার জন্যই আনন্দের।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে দুর্গাপূজার প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গঠনের পর এবারই প্রথম পূজাপার্বণের আয়োজন দেখভালের দায়িত্ব নিয়েছে সরকার। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় উৎসব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। সরকার ও দলের পক্ষ থেকে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু ও পৌর বিএনপির জাকির হোসেন শরীফ।
সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস বণিক, সাবেক সভাপতি মনোজ গোমস্তা, বার্থী মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি শান্তুনু ঘোষসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

