দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দবন গ্রামে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করে তিনি বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কনে কুমারখালী ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী এবং বর একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রায় দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে না দিলে আত্মহত্যার হুমকি দেওয়ায় পরিবারের সদস্যরা বাল্যবিয়ের আয়োজন করেন বলে জানা গেছে।
তবে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান ইউএনও ফারজানা আখতার। তাদের উপস্থিতিতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট পরিবারগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ছেলে-মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “বাল্যবিয়ের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

