Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া হাসপাতালে নিতে কালক্ষেপণ, শৈলকুপা হাসপাতালে রোগীর মৃত্যু; অ্যাম্বুলেন্স চালক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অসুস্থ এক রোগীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বিলম্বের অভিযোগ উঠেছে সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। এ ঘটনায় রোগীর মৃত্যুর পর চালক বকুল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অভিযোগ রয়েছে, রোগীকে দ্রুত কুষ্টিয়ায় নেওয়ার জন্য স্বজনরা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাড়িতে জ্বালানি তেল নেই বলে যেতে অপারগতা প্রকাশ করেন। পরে প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করা হলেও তিনি রোগী নিয়ে যেতে অস্বীকৃতি জানান বলে দাবি পরিবারের।

মৃতের ছেলে এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য লিমন হোসেন বলেন, “আমার বাবা খুবই অসুস্থ ছিলেন। দ্রুত কুষ্টিয়ায় নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু অ্যাম্বুলেন্স চালক নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। তার এই অবহেলার কারণেই আমার বাবার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, হাসপাতালের এক রোগীর মৃত্যুর ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্সের চালক বকুল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।