মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ ও ভুবন চন্দ্র হালদার, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির প্রমুখ।
গ্রাম আদালতের জেলা কর্মকর্তা মো. আসাদুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, “গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করা গেলে উচ্চ আদালতের ওপর চাপ কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। গ্রাম আদালত শক্তিশালী হলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং বিচারপ্রাপ্তির সুযোগ আরও বৃদ্ধি পাবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

