Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবিতে দুই নতুন প্রো-উপাচার্যের যোগদান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১২, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

শুক্রবার (১২ জুন) তারা নিজ নিজ দায়িত্বে যোগদান করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম.কম (মার্কেটিং) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মজীবনে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা ও গবেষণার কাজে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তাঁর একাধিক গবেষণা গ্রন্থ ও অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

অপরদিকে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উন্মুক্ত ও দূরশিক্ষণ বিষয়ে তিনি থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মডিউলার পদ্ধতিতে পাঠ্যপুস্তক রচনা, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাউবির একাডেমিক প্ল্যানিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা উন্নয়ন প্রকল্পে তিনি বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন দুই প্রো-উপাচার্যের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং দূরশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।