নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় দই কিনতে গিয়ে ১০২ পিস ইয়াবাসহ সবুজ কাজী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পশু হাসপাতালের সামনে একটি মিষ্টির দোকান থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ কাজী নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের আকতার কাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় মিষ্টির দোকানদার আরাফাত জানান, ওই যুবক তার দোকানে এসে কাপ দই আছে কিনা জানতে চান। এর কিছুক্ষণ পরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এসে তাকে আটক করে এবং তল্লাশিতে ইয়াবা উদ্ধার করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আব্বাস উদ্দিন বলেন, ১০২ পিস ইয়াবাসহ সবুজ কাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

