নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। বিশেষ অতিথি হিসেবেও তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। এতে আরও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ।
প্রথম দিনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্ট্রিম অনলাইনের প্ল্যানিং এডিটর জিএম মোস্তাফিজুল আলম। প্রশিক্ষণে নান্দাইল উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার, ভুয়া তথ্য ও গুজব শনাক্তে ফ্যাক্ট চেকিং পদ্ধতি এবং সংবাদ সংগ্রহ ও উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

