নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স স্টাইলস্ সোয়েটার’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল ১১টার কিছু পরে মালেকের বাড়ি এলাকার মেট্রিক্স স্টাইলস্ লিমিটেড কারখানা থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দিলে ৬টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার ষষ্ঠ তলা থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকে। প্রথমে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

