মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক সেবনের অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন রাজীব (২৮), মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং মো. মাসুদ, গোয়ালঘুন্নি এলাকার কাদিরের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানানো হয়।
অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

