ফরিদপুর প্রতিনিধি
পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) ফরিদপুরের মধুখালী উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থাগার কাম স্মৃতি জাদুঘরে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এ উদ্যোগ সফল হবে।”
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব আজও অপরিসীম।”
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। অন্যদিকে ফ্যাসিবাদী সরকার গাছ কাটার প্রতিযোগিতায় নেমেছিল।”
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা এবং বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে ফরিদপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

