মনিরামপুর (যশোর) প্রতিনিধি
“শুভ কাজে, সবার পাশে” স্লোগানকে ধারণ করে যশোরের মনিরামপুরে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের সংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৌমেন সরকার।
তিনি শিশু-কিশোরদের স্বাস্থ্যকর জীবনধারা, রোগ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ থাকতে পুষ্টিকর খাবার গ্রহণ, জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত হাত ধোয়া এবং খেলাধুলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এছাড়া ডেঙ্গু, হামসহ বিভিন্ন মৌসুমি ও সংক্রামক রোগ থেকে সুরক্ষার উপায় সম্পর্কেও তিনি দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক, বাপন হালদার, বিকাশ চৌধুরী ও রাখী দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অধ্যাপক বাবুল আক্তার, সহ-সভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর সরকারসহ সংগঠনের সদস্যরা।
অধ্যাপক বাবুল আক্তার বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা শুভসংঘ সবসময় কাজ করে যাবে।
সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মল্লিক বসুন্ধরা শুভসংঘের এ জনহিতকর উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন আয়োজন শিশু-কিশোরদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভাপতির বক্তব্যে এস এম হাফিজুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সচেতনতাই সুস্থ সমাজ গঠনের প্রথম ধাপ। আজকের আলোচনা থেকে প্রাপ্ত জ্ঞান শিশু-কিশোরদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুস্থ জীবনযাপনের অঙ্গীকার করে।

