মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

