Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শূন্যরেখায় ১২ জন, অসুস্থ শিশুসহ মানবেতর জীবন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আরও একজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে সেই চেষ্টা প্রতিহত করেছে। এদিকে এর আগে পুশইনের চেষ্টা করা শিশুসহ ১২ জন ব্যক্তি টানা তিনদিন ধরে সীমান্তের শূন্যরেখার কাছে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে শাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী সীমান্ত দিয়ে শাহাবুদ্দিনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় ১৫৭ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন চল্লিশপাড়া সীমান্তে ৪৭ বিজিবির চল্লিশপাড়া বিওপির টহল দল বাধা দিলে তিনি ভারতীয় ভূখণ্ডে ফিরে যান। শাহাবুদ্দিনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার নাজিরনগর গ্রামে বলে জানা গেছে।

অন্যদিকে, গত শুক্রবার সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করা তিন পরিবারের ১২ সদস্য এখনো শূন্যরেখার কাছে অবস্থান করছেন। প্রখর রোদ, ভ্যাপসা গরম ও মশার উপদ্রবে তাদের মানবেতর অবস্থা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আড়াই বছরের শিশু সামাদ উচ্চ জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বিজিবির সহায়তায় স্থানীয় চিকিৎসক ডা. শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেন। তিনি জানান, সেখানে চারজন শিশু রয়েছে। তাদের মধ্যে আড়াই বছরের এক শিশু উচ্চ জ্বরে আক্রান্ত। এছাড়া আরও তিন শিশু সর্দি, কাশি ও জ্বরে ভুগছে। শিশুদের বাবা-মাসহ প্রায় সবাই অসুস্থ। তারা জানিয়েছেন, প্রায় দুই সপ্তাহ ধরে গোসল করতে পারেননি এবং অত্যন্ত কষ্টকর পরিবেশে দিন কাটাচ্ছেন।

শনিবার এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। ফলে সীমান্তে অবস্থানরত পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

এর আগে শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাতুয়া সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ১৪৮/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করতে বাধ্য করা হয়।

তাদের দাবি, তারা বাংলাদেশের নাগরিক। ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা জেলার তিনটি পরিবারের সদস্য রয়েছেন। তারা ভারতের কেরালা রাজ্যে অবস্থানকালে আটক হন এবং পরে সীমান্তে নিয়ে আসা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে বিষয়টি তদন্তের জন্য সময় চেয়েছে। বর্তমানে ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন। সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।