আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) দিনব্যাপী আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুল হক সিকদার। স্বাগত বক্তব্য দেন কমিটির সহ-সভাপতি মো. তাজমিনউর রহমান (তুহিন) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌর দাস গৌতম।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধের চর্চা। শিক্ষার্থীদের মধ্যে সততা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ বলেন, দুর্নীতি দমন কমিশন বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার চেষ্টা করছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ এ উদ্যোগকে আরও শক্তিশালী করবে।
এছাড়া বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রফিকুল ইসলাম।
বিচারকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শায়লা সুলতানা এবং ভূগোল বিভাগের প্রভাষক উম্মে সালমা।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

