শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বাল্কহেড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার দুর্গাবাটি মন্দির সংলগ্ন ঝাপারচর এলাকায় হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে বিজিবির চার সদস্যের একটি টহল দল স্পিডবোটযোগে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বাল্কহেডে প্রায় ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ২০০ টাকা। পরে সকাল ৮টা ৪০ মিনিটে বাল্কহেডটি বিজিবি ব্যাটালিয়ন সদর পল্টন ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়।
ঘটনার পর শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বাল্কহেডের চালক মো. নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় সহকারী মো. আক্তারুল জামানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়।
জব্দকৃত বাল্কহেড বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। স্থানীয়রা সুন্দরবন ও উপকূলীয় নদ-নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

