মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইউনিয়নের হরিপুর বাইতুল গাফফার কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, ৪ নম্বর নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জাকির এবং মেলান্দহ থানার এসআই মো. হুমায়ুন কবীর।
বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষকমণ্ডলী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

