Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর শূন্যরেখা থেকে শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

টানা চার দিন শূন্যরেখায় অবস্থানের পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাদের বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি জানান, প্রাগপুর সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের নদীয়া জেলার করিমপুর থানার ১১ বিএসএফ কমান্ডের অধীন রানীনগর ক্যাম্পের কমান্ডার এসি সুনীল কুমার যাদব।

বৈঠকে উভয় পক্ষের সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় অবস্থানরত শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এর আগে শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ১৪৯ সীমান্ত পিলার সংলগ্ন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাতুয়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই ব্যক্তিদের ১৪৮/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়, যেখানে তারা চার দিন অবস্থান করছিল।

শনিবার এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তখন বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। তবে সোমবারের বৈঠকে বিষয়টির সমাধান হয়।

বিএসএফের হেফাজতে নেওয়া তিনটি পরিবারের ১২ সদস্যের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাথানপাড়া গ্রামের উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), ছেলে শিহাদ (১৭), ইনজামুল (৮) ও আড়াই বছরের শিশু সামাদ। এছাড়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি পরিবারের তিন সদস্য এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন।

জানা গেছে, তাদের ভারতের কেরালা রাজ্য থেকে আটক করা হয়েছিল। পরে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। অবশেষে চার দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।