ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে করে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন তোরাপ মোল্লা। পথে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তোরাপ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত হন অটোভ্যানচালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

