ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দাপোনিয়া এলাকায় ১৬ জন নারী সদস্যের মাঝে ২৪০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দাপোনিয়া এরিয়ার ব্র্যাক অফিসে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী এসএস (লিড জেনারেশন) নারী সদস্যদের মুরগি পালন, সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে সদস্যদের আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যাতে তারা স্বল্প পরিসরে লাভজনক উদ্যোগ গড়ে তুলতে পারেন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. সাদেকুল ইসলাম এবং ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো. হাসিবুর রহমান ভূঁইয়া।
বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ব্র্যাক নিয়মিতভাবে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। মুরগি পালন নারীদের জন্য সহজ, লাভজনক ও সম্ভাবনাময় একটি উদ্যোগ, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম সদস্যদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

