নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেসরকারি হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার লাইফ কেয়ার হসপিটাল ও রাজিব প্রাঃ হাসপাতাল-এ আকস্মিক পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতাল দুটির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি ও রিএজেন্টসহ বিভিন্ন কক্ষ পরীক্ষা করা হয়।
অভিযানে লাইফ কেয়ার হসপিটালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা এবং রাজিব প্রাঃ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সেবার মান উন্নয়ন ও নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

