এসআই মল্লিক, ঝিনাইদহ
ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের সরু পথ ধরে এক হাতে মোটরসাইকেল চালিয়ে ছুটছেন মাঠের দিকে—কৃষকদের সমস্যার সমাধানে। যশোরের ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ব্লকের এই পরিচিত মুখ মফিজ উদ্দিন এখন হাজারো কৃষকের কাছে আস্থার প্রতীক।
একটি সড়ক দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার দায়িত্ববোধকে থামাতে পারেনি। বরং সেই বিপর্যয়ই তাকে আরও দৃঢ় করেছে বলে মনে করেন সহকর্মী ও কৃষকরা।
হলিধানী ব্লকে প্রায় ৪ হাজার ৫৫৩ জন কৃষক ধান, গম, ভুট্টা ও বিভিন্ন সবজি চাষে যুক্ত। এসব কৃষকের কৃষিসেবা নিশ্চিত করতে মাঠে-মাঠেই কাজ করেন মফিজ উদ্দিন। কোনো জমিতে রোগ দেখা দিলে বা নতুন প্রযুক্তি প্রয়োগের প্রয়োজন হলে প্রথমেই খোঁজ পড়ে তার।
স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “আগে জমিতে সমস্যা হলে দুশ্চিন্তায় পড়তাম। এখন মফিজ ভাইকে ফোন দিলেই তিনি মাঠে চলে আসেন, সমস্যা দেখে সমাধান দেন।”
মফিজ উদ্দিন বলেন, “কৃষকদের পাশে থাকতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। তাদের মুখে হাসি দেখাই আমার পুরস্কার।”
তিনি জানান, ২০০৯ সালের ১১ জানুয়ারির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ডান হাত হারান। দীর্ঘ সংগ্রামের পর ২০১৩ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ব্লকে দায়িত্ব পালন করছেন।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুর-এ-নবী বলেন, “মফিজ উদ্দিন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা। শারীরিক প্রতিবন্ধকতা তার কাজে কোনো বাধা হয়নি। তিনি কৃষকদের মধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন।”
কৃষক ও সহকর্মীদের কাছে মফিজ উদ্দিন এখন শুধু একজন কর্মকর্তা নন—তিনি সংগ্রাম, দায়িত্ববোধ ও মানবিকতার এক জীবন্ত উদাহরণ।

