রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) কেডিএ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নগরায়ণের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে খুলনাকে পরিবেশবান্ধব, নাগরিকসেবামুখী ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করতে কাজ করবে কেডিএ। উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের চাহিদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “খুলনার মানুষ যেন একটি সুস্থ, নিরাপদ ও উন্নত পরিবেশে বসবাস করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। নগর উন্নয়নের প্রতিটি উদ্যোগ এমনভাবে বাস্তবায়ন করা হবে, যাতে এর সুফল সরাসরি নাগরিকরা ভোগ করতে পারেন।”
তিনি আরও জানান, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্মুক্ত স্থান বৃদ্ধি এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে খুলনার উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, খুলনার বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ নগরীকে দেশের অন্যতম আকর্ষণীয় ও বাসযোগ্য শহরে পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য অর্জনে তিনি নগরবাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী খুলনার পরিকল্পিত উন্নয়নে কেডিএর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্বের অধীনে সংস্থাটির কার্যক্রমে গতি আসবে এবং নগর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন নগরবাসী।

