Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারদিন পর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ দুই জেলে

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়ার চারদিন পর দাখিল পরীক্ষার্থী মো. আসাদুলের (১৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তবে একই এলাকায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের এখনো সন্ধান মেলেনি।

শুক্রবার দুপুরে তালতলীর নিন্দ্রা সকিনা এলাকার ডিসি পয়েন্ট সংলগ্ন চর থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করে নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়ি। পরে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ-পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের সৌদি প্রবাসী মুছা হাওলাদারের একমাত্র ছেলে আসাদুল এ বছর মানিকঝুড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। আগামী ২০ জুলাই তার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার তিনি তালতলী উপজেলায় এক ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যান। পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্ধু জাকারিয়া, আতাউল্লাহ, শাওন ও সাগরকে নিয়ে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান। দুপুরে পাঁচ বন্ধু সাগরে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে তারা তলিয়ে যান। স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আসাদুল নিখোঁজ হন।

চারদিন পর শুক্রবার দুপুরে স্থানীয়রা ডিসি পয়েন্টের একটি চরে মরদেহটি ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে একই দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুটি ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে ইলিশ শিকারে সাগরে যায়। বিকেলে ট্রলার দুটি ডুবে যায়। পরদিন বুধবার সকালে একটি মাছধরা ট্রলার ১৬ জন জেলেকে উদ্ধার করলেও কালাম পাইকার ও শহীদুল খাঁন নামে দুই জেলের কোনো সন্ধান মেলেনি।

নিন্দ্রা সকিনা কোস্ট গার্ড কন্টিনজেন্টের কমান্ডার আশরাফুল আলম বলেন, “নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে টানা চারদিন ধরে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।”

নিন্দ্রা সকিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, “নিখোঁজ পর্যটক আসাদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।