গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সোমবার সকালে সড়কপথে বরিশাল বিভাগের প্রবেশদ্বার গৌরনদীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
সফরের অংশ হিসেবে বাটাজোর-সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে নারিকেল, নিম ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির মোট ২ হাজার ৫০০টি গাছের চারা রোপণের উদ্বোধন করেন তিনি। পরে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পর দক্ষিণাঞ্চলে তারেক রহমানের এ সফরকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ বরিশাল-ঢাকা মহাসড়কের ভূরঘাটা থেকে বাটাজোরের উজিরপুর সীমান্ত পর্যন্ত বিভিন্ন স্থানে জড়ো হয়ে তাকে স্বাগত জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান। বক্তব্যে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বিভিন্ন প্রজাতির গাছ রোপণের লক্ষ্য তুলে ধরেন।
কর্মসূচিতে তার সঙ্গে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
পরে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

