Nabadhara
ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গুজবে দৌলতপুরের ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়, জ্বালানি সংকটের তথ্য নেই প্রশাসনের কাছে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জ্বালানি তেল (পেট্রোল-অকটেন) সংকট ও মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার পর হঠাৎ এ গুজব ছড়িয়ে পড়লে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি সংগ্রহে মানুষ ফিলিং স্টেশনগুলোতে ভিড় করতে শুরু করেন। এতে দীর্ঘ সারি, যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

উপজেলার তারাগুনিয়া এলাকার সাগর ফিলিং স্টেশন, আল্লারদর্গা বাজারের রফিক ফিলিং স্টেশন, খলিশাকুন্ডি বাজারের খালেক ফিলিং স্টেশন এবং দৌলতপুর বাজারের বিভিন্ন জ্বালানি তেলের ডিলারের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। তবে ভিত্তিহীন গুজব ও আতঙ্কের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সন্ধ্যার আগেই আল্লারদর্গা বাজারের রফিক ফিলিং স্টেশন ‘তেল নেই’ উল্লেখ করে দড়ি টানিয়ে পাম্প বন্ধ ঘোষণা করলে সাধারণ মানুষের মধ্যে আরও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন পেট্রোল পাম্প ও জ্বালানি তেলের ডিলারের দোকানে ভিড় আরও বেড়ে যায়।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাস্তবে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকটের তথ্য তাদের কাছে নেই।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, “আমরা খোঁজ নিয়ে জেনেছি, ডিপু থেকে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, গুজবের উৎস শনাক্তের চেষ্টা চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত না করার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।