দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন ও সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে। আনসার ও পুলিশ সদস্যদের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য দেন দেবহাটা থানার এসআই বিলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, বিজিবির সদস্য, আনসার-ভিডিপি কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় উপজেলার ২১টি দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

