দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফুটবল খেলা দেখে দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সুমন সরদার উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন সরদার রাতে বন্ধুদের সঙ্গে একটি ফুটবল ম্যাচ দেখেন। সেখানে তারা একসঙ্গে খাবারও খান। খেলা দেখে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, “সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

