নাদিম হায়দার,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজ্জাদ খন্দকার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উপজেলার সিরাজদিখান বাজারের পাঁচপীর মাজারসংলগ্ন ইলিয়াস ইলেকট্রিকের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) এম. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রেপ্তারকৃত সাজ্জাদ খন্দকারের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ইনফিনিক্স (Infinix) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সাজ্জাদ খন্দকার সিরাজদিখান উপজেলার দক্ষিণ তাজপুর এলাকার হাবিবুর খন্দকারের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

