মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে যে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফটে এক মা ও তাঁর শিশুকন্যা আটকা পড়েছেন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে আটকে পড়া মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মা ও মেয়ে হলেন—সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) এবং তাঁর দুই বছর বয়সী কন্যা মরিয়ম হাসনাইন আরিফা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে তাদের নিরাপদে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া মা ও শিশুকন্যা বর্তমানে সুস্থ রয়েছেন।

