শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাসের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, সহকর্মীদের সঙ্গে অসদাচরণ, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের ৪৩ জন নার্সের মধ্যে ২৯ জন লিখিত অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারীদের দাবি, মৃদুলা বিশ্বাস দীর্ঘদিন ধরে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ও ডেলিভারি রুমে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের অভিযোগ, গাইনি চিকিৎসকের অনুপস্থিতিতে এমআর ও ডি অ্যান্ড সি করানোর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া হচ্ছে, যা রোগীদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেশি দেখিয়ে খাবারের বরাদ্দ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।
সহকর্মীদের অভিযোগ, নার্সিং সুপারভাইজার প্রায়ই চিকিৎসক, রোগী ও রোগীর স্বজনদের সামনেই নার্স, আয়া ও সুইপারদের সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন। ডিউটি রোস্টার নিয়েও পক্ষপাতমূলক আচরণ, ব্যক্তিগত বিষয় টেনে অপমান এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে।
কয়েকজন ভুক্তভোগী নার্স জানান, দীর্ঘদিন ধরে তারা মানসিক চাপের মধ্যে কাজ করছেন। তাদের দাবি, অল্প কয়েকজন কর্মী বিশেষ সুবিধা পেলেও অন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ওটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে নার্সিং সুপারভাইজারের কাছে আলাদা চাবি থাকে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস। তিনি বলেন, “ডিউটি বণ্টন নিয়ে কারও সঙ্গে মনোমালিন্য থাকতে পারে, তবে কারও সঙ্গে খারাপ আচরণ করা হয় না। ওটি রুমে এমআর বা ডি অ্যান্ড সি সংক্রান্ত অভিযোগও সঠিক নয়।”
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, মৃদুলা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন তিনি পেয়েছেন। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

