মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, ভুয়া উৎপাদনের তারিখ দিয়ে পণ্য বাজারজাতকরণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তিনটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলার খেদাপাড়া ও রোহিতা ইউনিয়নের টেংরামারি ও রোহিতা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে টেংরামারি বাজারের মায়ের দোয়া বেকারি ও ফাহিমা ফুডস-এ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়াই খাদ্যপণ্য প্যাকেটজাত ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এছাড়া উন্মুক্ত অবস্থায় ময়দার খামির সংরক্ষণ, অননুমোদিত চীনা রঞ্জক, স্যাকারিন, অ্যাঞ্জেল পাউডারসহ ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও প্রমাণিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে রোহিতা বাজারের মেহেদি ফুড প্রোডাক্টস-এ অভিযান চালিয়ে দেখা যায়, পরদিনের (২৩ জুলাই) ভুয়া উৎপাদনের তারিখ ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে খাদ্য উৎপাদন, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারেরও সত্যতা পাওয়া যায়। একই আইনের ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জানান, সংশ্লিষ্ট তিনটি বেকারিকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে তারা একই অনিয়ম অব্যাহত রাখায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, “খাদ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা বা মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করার সুযোগ নেই। জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”

