শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে পাঠদানের সময় শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমান সময়ে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং মানসিক দৃঢ়তা গড়ে তুলতে পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সঞ্জিত কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মুরাদ এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় বক্তব্য দেন সিনিয়র শিক্ষক এফ. এম. আজগর আলী, অভিভাবক প্রতিনিধি মো. মিজানুর রহমান শেখ, বড়বাড়িয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নাসির শেখ, খাদিজা পারভিনসহ অন্যান্যরা।
সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং পাঠদানের মান আরও উন্নত করতে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

