পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) গভীর রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি দল ঘোড়াশাল খালিসার টেক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছুরি এবং একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

