স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর (পাচুড়িয়াপাড়া) গ্রামে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার আসামি রবিউল ইসলাম রবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, সাত দিনের রিমান্ড আবেদনের পর আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রথম দিন জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালতের নির্দেশে বুধবার (২২ জুলাই) রাতে তাকে কারাগারে পাঠানো হয়।
নড়াইল সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান রিমান্ড মঞ্জুর করেন। ওসি আরও বলেন, মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রতিবেশী রবিউল ইসলাম রবি শিশু জান্নাতুল মাওয়াকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে হত্যা করেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে রবিউলের ঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতুল মাওয়া (৫) ওই গ্রামের মফিজুর শেখের মেয়ে। ঘটনার পর তার বাবা মফিজুর শেখ বাদী হয়ে রবিউল ইসলামের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

